Home রাজনীতি নারায়ণগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত অন্তত ১৫, তদন্তে পুলিশ

নারায়ণগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত অন্তত ১৫, তদন্তে পুলিশ

0
7

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে সংঘটিত এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর কলেজ রোড ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

আহতদের মধ্যে ছাত্রদলের কর্মী তুহিন, জাকারিয়া, অলক, তোফায়েল, আলামিন, তানজিম ও রাসেল এবং ছাত্রশিবিরের মহানগর সভাপতি অমিত হাসান, অফিস সম্পাদক রায়হান, তোলারাম কলেজ শাখার সভাপতি এমদাদুল হক শুভ, সাধারণ সম্পাদক তামিম ইকবাল, অর্থ সম্পাদক জুহাজ ও বন্দর থানা শাখার সভাপতি আসাদুল ইসলাম রয়েছেন।

প্রত্যক্ষদর্শী, সাধারণ শিক্ষার্থী এবং পুলিশ সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে তোলারাম কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তব্যের একপর্যায়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাদের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে কলেজ গেটের বাইরে এবং চাষাঢ়া এলাকায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় কয়েকজনের হাতে লাঠিসোঁটা, বাঁশ ও লোহার পাইপ দেখা যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ঘটনার পর কলেজ রোড এলাকার ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে চলে যান। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পাল্টাপাল্টি অভিযোগ

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব অভিযোগ করেন, ছাত্রশিবির পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তার দাবি, কলেজের ভেতরে এবং ডাকবাংলো মোড়ে আগে থেকেই বিপুলসংখ্যক শিবির কর্মী অবস্থান করছিল এবং তারা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

অন্যদিকে ছাত্রশিবিরের মহানগর সভাপতি অমিত হাসান অভিযোগ করেন, আলোচনা সভা শেষে কলেজ গেটের বাইরে তাদের কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে ছাত্রদলের নেতাকর্মীরা মারধর করেন। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ডাকবাংলো মোড়ে তাদের ওপর আবারও হামলা চালানো হয়।

তদন্তের আশ্বাস পুলিশের

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান বলেন, আলোচনা সভাকে কেন্দ্র করে দুই ছাত্রসংগঠনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে চার থেকে পাঁচজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে, তবে তাদের আঘাত গুরুতর নয়।

তিনি জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তদন্ত শেষে সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেনি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here