Homeশিক্ষাশিক্ষার্থীদের নেতৃত্ব ও প্রতিভা বিকাশে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের নেতৃত্ব ও প্রতিভা বিকাশে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের মেধা, নেতৃত্ব, শৃঙ্খলা ও দলগত চেতনা বিকাশে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি বলেন, এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ ক্রীড়া আয়োজন, যা দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ সৃষ্টি করবে।

সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ আয়োজন উপলক্ষে স্টিয়ারিং কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া প্ল্যাটফর্ম গড়ে তুলতে চায়, যেখানে দেশের সব অঞ্চলের শিক্ষার্থীরা সমান সুযোগে অংশ নিতে পারবে। তার মতে, খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা নয়, নেতৃত্ব, শৃঙ্খলা, সৃজনশীলতা ও পারস্পরিক সহযোগিতার মানসিকতাও গড়ে তোলে।

সভায় জানানো হয়, আগামী সেপ্টেম্বর মাসে দেশব্যাপী শুরু হবে এই ফুটবল প্রতিযোগিতা। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেবে। প্রতিটি প্রতিষ্ঠান থেকে একটি ছেলে দল এবং একটি মেয়ে দল অংশগ্রহণের সুযোগ পাবে।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন।

সভায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী এ সময় প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

সভায় আরও জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রসার, নতুন প্রতিভা খুঁজে বের করা এবং আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

এ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে লোগো, মাসকট, রিলস, স্লোগান ও থিম সং আহ্বান করা হয়েছে। এসব বিভাগে নির্বাচিত বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

স্টিয়ারিং কমিটির বৈঠকে মাঠ প্রস্তুতি, নিরাপত্তা, প্রচারণা এবং প্রশাসনিক সমন্বয়সহ বিভিন্ন বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেন, দেশজুড়ে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করাই সরকারের লক্ষ্য। তিনি জানান, শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশে শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রণালয় যৌথভাবে বছরজুড়ে বিভিন্ন প্রতিযোগিতা ও কর্মসূচি বাস্তবায়ন করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments