Homeশিক্ষাঢাকা কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে পোস্টারিং, পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

ঢাকা কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে পোস্টারিং, পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

বিএনপির বিরুদ্ধে ‘প্রোপাগান্ডা’ ছড়ানোর অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ঢাকা কলেজ ক্যাম্পাসে পোস্টারিং করেছে ছাত্রদলের একটি অংশ। সোমবার (৩ আগস্ট) কলেজের প্রশাসনিক ভবন, প্রধান ফটকসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব পোস্টার লাগানো হয়। পরে কলেজ কর্তৃপক্ষ ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে পোস্টারগুলো অপসারণ করে।

পোস্টারিংয়ে নেতৃত্বদানকারী ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির স্থগিত সদস্য শেখ পারভেজ মোশাররফ বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য সামাজিক বিভাজন ও রাজনৈতিক বিদ্বেষ ছড়াচ্ছে। তার দাবি, এনসিপির বর্তমান রাজনৈতিক অবস্থান মূলত বিএনপিবিরোধী প্রচারণাকেই কেন্দ্র করে গড়ে উঠেছে।

তিনি বলেন, একটি নতুন রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ ও কর্মসূচি থাকা উচিত। তবে এনসিপি সেই পথে না গিয়ে বিএনপির বিরুদ্ধে প্রচারণাকে অগ্রাধিকার দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী সুস্থ ধারার রাজনীতি করলে তাদের কোনো আপত্তি নেই, তবে বিভ্রান্তিকর প্রচারণা অব্যাহত থাকলে জনগণই তার জবাব দেবে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর সম্ভাব্য ঢাকা কলেজ সফর প্রসঙ্গে শেখ পারভেজ বলেন, এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত নেবেন, সেটিকেই তারা সম্মান জানাবেন। তবে ছাত্রদলের পক্ষ থেকে অতিরিক্ত কোনো কর্মসূচির পরিকল্পনা নেই বলেও জানান তিনি।

অন্যদিকে পোস্টারিংয়ের সমালোচনা করে জাতীয় ছাত্রশক্তি ঢাকা কলেজ শাখার সদস্য সচিব সজিব উদ্দিন বলেন, ঢাকা কলেজ কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের একক সম্পত্তি নয়। এখানে কাউকে একতরফাভাবে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করার অধিকার কারও নেই।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপির কিছু নেতার বিতর্কিত বক্তব্যের সমালোচনা না করে অন্যদের বিরুদ্ধে অবস্থান নেওয়া দ্বিমুখী আচরণের পরিচয়। তার দাবি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ আড়াল করতেই এ ধরনের রাজনৈতিক কর্মসূচি নেওয়া হয়েছে।

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ক্যাম্পাসে কয়েকটি পোস্টার লাগানো হয়েছিল বলে তিনি জেনেছেন। পরে সেগুলো সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, কলেজ প্রশাসন কোনোভাবেই ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ বা রাজনৈতিক স্থিতিশীলতা বিঘ্নিত হোক, তা চায় না।

উল্লেখ্য, গত ২৮ জুলাই হবিগঞ্জে গণঅভ্যুত্থানের সংস্কার ও গণভোটের দাবিতে এনসিপির ‘জুলাই মার্চ’ কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, ওই ঘটনায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত ছিলেন।

অন্যদিকে বিএনপির দাবি, নাসীরুদ্দীন পাটওয়ারী পরিকল্পিতভাবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। এর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা তাকে বয়কট ও ‘অবাঞ্ছিত’ ঘোষণার কর্মসূচি পালন করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments